দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে। এই সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে মোট ৯৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে, যার ঘটনাটি ঘটেছে ঢাকায়। একই সময়ের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় চারজন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জনে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin