আজ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৫ জুলাই) ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার (১৪ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং এবং বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজন উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হয়েছে। দেশজুড়ে স্কুল পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরই আজ এই অনুষ্ঠানে পদক প্রদান করা হবে।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সেরা বিজয়ীদের এই সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানের অন্য একটি গুরুত্বপূর্ণ অংশে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও গৃহীত পদক্ষেপগুলো এই আয়োজনে উপস্থাপন করা হবে। বিভিন্ন জেলার স্টলে ‘স্কুল ফিডিং’, ‘আনন্দময় শিক্ষা’, ‘ডিজিটাল শিক্ষা’ এবং ‘ফাউন্ডেশনাল লার্নিং’-এর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো প্রদর্শিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh