শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের ব্যারিকেড

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়মুখী সড়কে পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন।

এর আগে বুধবার দুপুর ৩টা ৫ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। এর আগে সেখানে তারা প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে যাওয়ার পর ওই মোড়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

শিক্ষার্থীদের আগমনের খবর পেয়ে আগে থেকেই রাজধানীর শিক্ষা ভবন মোড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নেয়। সচিবালয় অভিমুখে যাত্রা ঠেকাতে সেখানে ব্যারিকেড তৈরি করা হয়, যেখানে শিকল পেঁচিয়ে তালা লাগানো ছিল। বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় অভিমুখী সড়কে এই ব্যারিকেড বসানো হয়। এ সময় ঘটনাস্থলে জলকামানও প্রস্তুত রাখা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin