বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে চীনা নাগরিকদের সতর্ক করল বেইজিং

বাংলাদেশে অবস্থানরত চীনা পুরুষদের সঙ্গে স্থানীয় নারীদের বিয়ের হার বেড়ে যাওয়ায় এ বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে চীন। গত মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের আনুষ্ঠানিক উইচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এই সতর্কবার্তা প্রকাশ করে। দূতাবাস জানিয়েছে, ক্রস-বর্ডার বা আন্তর্জাতিক বিয়ের আড়ালে অনেক চীনা নাগরিক প্রতারণার ফাঁদে পড়ছেন, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চীনা দূতাবাস এই ধরনের বিয়েকে ‘বিয়ে কেনা’ হিসেবে অভিহিত করেছে এবং নাগরিকদের এ ধরনের প্রক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাসের ভাষ্যমতে, যারা প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে বাংলাদেশে গিয়ে বিয়ে করবেন, তাদের নিজ দেশে ফেরার পর মানবপাচারের দায়ে গ্রেপ্তার করা হতে পারে। এছাড়া এ ধরনের বিয়ের ক্ষেত্রে অপহরণ, হুমকি, আইনি জটিলতা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেয় এমন অনলাইন ‘মেচমেকিং’ সংস্থাগুলোর ওপর আস্থা না রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা ইতিমধ্যে প্রতারণামূলক বিয়ের শিকার হয়েছেন, তাদের অবিলম্বে স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh