শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়ই বড়: আজাদ আবুল কালাম

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম বলেছেন, শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়ই বড়। তিনি মনে করেন, কোনো শিল্পী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুক বা না থাকুক, শিল্পী হিসেবে তাঁদের পাশে দাঁড়ানোই মূল দায়িত্ব। গতকাল ১৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পর্ষদের এক বছর পূর্তি ও সংগঠনটির নতুন ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজাদ আবুল কালাম বলেন, শিল্পীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া জরুরি। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘এটি আমার ব্যক্তিগত অনুভূতি, তাঁরা যদি জেলে থাকেন, তাঁদের সঙ্গে আমাদের থাকতে হবে।’ তিনি আরও যোগ করেন, শিল্পীদের ছোট পর্দা, বড় পর্দা বা ইউটিউবার—এমন বিভাজন না রেখে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

পেশাগত স্বীকৃতির অভাব নিয়ে দীর্ঘদিনের ক্ষোভের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা অভিনয় করি কিন্তু আমাদের শিল্পীদের কোনো স্বীকৃতি নেই। ব্যাংকে বা পাসপোর্ট করতে গেলে আমাদের আর্টিস্ট হিসেবে লিখতে হয়, যা পেশাগত স্বীকৃতি নয়।’ তিনি মনে করেন, পেশার স্বীকৃতির দাবিতে শিল্পীদের আন্দোলনের পথে যাওয়া উচিত।

অনুষ্ঠানে অভিনয়শিল্পীদের কর্মসংস্থানের সংকট নিয়েও কথা বলেন তিনি। আজাদ আবুল কালামের তথ্যানুযায়ী, ১০০ জন অভিনয়শিল্পীর মধ্যে মাত্র আটজন শুধু অভিনয়ের ওপর নির্ভর করে জীবনযাপন করেন। বাকিরা মানবেতর জীবন কাটাচ্ছেন। তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, সবাই যেন একে অপরের দিকে খেয়াল রাখেন এবং সহযোগিতার পথ খুঁজে বের করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণী অভিনেত্রী ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌসী মজুমদার। এছাড়া সংগঠনের উপদেষ্টা মামুনুর রশীদ ওয়েবসাইটটির উদ্বোধন করেন। অভিনেতা শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিলারা জামান, খায়রুল আলম সবুজ, সারা যাকের, ফারুক আহমেদ, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, তৌকীর আহমেদ, আলী রাজ, সুব্রত, শিবা শানু, কচি খন্দকার, রাশেদ মামুন অপু, রওনক হাসান ও আহসান হাবীব নাসিমসহ অনেকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo