ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। গত ৭ জুন শুরু হওয়া এই অধিবেশন ২৬ কার্যদিবস চলার পর ১৫ জুলাই শেষ হলো। বর্তমান বিএনপি সরকারের অধীনে এটি ছিল প্রথম বাজেট অধিবেশন।
চলতি অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪টি কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়, যেখানে ৩১৬ জন সংসদ-সদস্য অংশগ্রহণ করেন।
অধিবেশনকালীন অন্যান্য কার্যক্রমের মধ্যে ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়েছিল, যার মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১ (ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে এবং ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তি করা হয়েছে।
সংসদ সদস্যদের প্রশ্নের বিষয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়েছিল, যার বিপরীতে মন্ত্রীরা ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া এই অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

