ভারতে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আটজন এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ১১ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (১৯ জুলাই) স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাগাল্যান্ডের মন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনিয়ে কোনিয়াক এএফপিকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। এ পর্যন্ত আটজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বন্যায় বাসস্ট্যান্ডসহ সরকারি ও বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রাজৌরি জেলায় জরুরি সেবা বিভাগের কর্মীরা পাঁচ শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছেন। তবে জম্মু অঞ্চলে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আগামী দুই দিনে জম্মু ও কাশ্মীরে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ভারতে প্রতিবছরই দীর্ঘ গ্রীষ্মের পর বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের মতো বিপর্যয় ঘটে, আবার একই সময়ে দেশের অনেক অঞ্চলে তীব্র খরার পরিস্থিতিও দেখা দেয়।

