কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড়ধসে বিবি হাফসা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই পাহাড়ধসে তিন বছর বয়সী আব্দুল মজিদ নামে একটি শিশুও গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে গিয়েছিল। সন্ধ্যা ৭টার দিকে পাহাড়ের একটি অংশ ধসে পাশের একটি শেল্টারের ওপর পড়ে। এতে শেল্টারটি মাটিচাপা পড়লে ভেতরে থাকা বাসিন্দারা আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকারী দল সমি উল্লাহর মেয়ে বিবি হাফসাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় নুরুল ইসলামের তিন বছর বয়সী ছেলে আব্দুল মজিদ আহত হয়, যাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত তরুণীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চলতি মাসে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ভারী বৃষ্টি ও পাহাড়ধসের ঘটনায় এ নিয়ে অন্তত ১৬ জন রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে।

