দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান সকল প্রতিবন্ধকতা দ্রুত দূর করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিরা পোশাক শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারা এই সমস্যাগুলোর সমাধানে কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন। ব্যবসায়ী নেতাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের সমস্যাগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত, তাই সবকিছু সমাধানে কিছুটা সময় প্রয়োজন। তবে যে সমস্যাগুলো এখনই সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। তিনি উল্লেখ করেন, সরকার এই সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যে কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে। পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সরকার এই শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে বলে তিনি জানান।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিজিএমইএ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেছেন, জনগণের সমস্যা এবং ব্যবসায়ীদের সমস্যার সমাধান করতেই এই সরকার দায়িত্ব নিয়েছে। শিল্পের বিকাশে যা যা করা দরকার, সরকার তা করবে। বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

