বিজ্ঞান-প্রযুক্তিভিত্তিক শিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: প্রেসিডেন্ট

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, উদ্ভাবনী গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরির কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। বৃহস্পতিবার বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্টের প্রেস উইং জানায়, সাক্ষাতকালে প্রেসিডেন্ট চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণা সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মার্কেটিং ও নার্সিংয়ের মতো কর্মমুখী শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রতিনিধিদল দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। সাক্ষাতে প্রেসিডেন্টের সামরিক সচিব ও সচিবসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।