টিসিবির জন্য ১৮১ কোটি টাকায় ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্নআয়ের কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল পৌঁছে দেওয়ার অংশ হিসেবে নতুন করে এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, প্রতি লিটার রাইস ব্র্যান তেলের দাম ১৮১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। এই ক্রয়ের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টি সুবিধা রয়েছে। জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল সংগ্রহের জন্য পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব জমা পড়েছিল। এর মধ্যে টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা চারটি প্রতিষ্ঠানকে তেল সরবরাহের কাজ দেওয়া হয়েছে।

নির্ধারিত চারটি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ এবং গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে ২০ লাখ লিটার করে তেল কেনা হবে। এছাড়া যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড এবং ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড থেকে ৩০ লাখ লিটার করে তেল সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।

টিসিবি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির জন্য মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই নতুন ক্রয়ের মাধ্যমে টিসিবির মজুত আরও শক্তিশালী হবে এবং ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নিতে সহায়তা করবে। এর আগে টিসিবি ১৫ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৮১৪ লিটার ভোজ্যতেল সংগ্রহ সম্পন্ন করেছে।

কন্টেন্ট: সংগৃহীত