দিল্লিতে সিজেপি আন্দোলন ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেয়।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, এই সংঘর্ষের ঘটনায় মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন সহকারী পুলিশ কমিশনার (এএসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবল রয়েছেন। পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে কিছু বিক্ষোভকারী উচ্ছৃঙ্খল আচরণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এক পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয়। লাউডস্পিকার সংযুক্ত একটি পুলিশ বাস থেকে স্বেচ্ছাসেবকরা মাইকিং করে বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যন্তর মন্তরের দেড় কিলোমিটার এলাকার মধ্যে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা জোরদারে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।