স্পেনে ভয়াবহ দাবানল, মাদ্রিদসহ বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি

স্পেনের মাদ্রিদ অঞ্চল এবং রাজধানী সংলগ্ন আভিলা প্রদেশে ভয়াবহ দাবানলের কবলে পড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে আগুনের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ত্বরিত পদক্ষেপ গ্রহণ করে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ পরিচালনার জন্য বিশেষ সামরিক জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে।

দাবানলের কারণে মাদ্রিদ অঞ্চলে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত আলদেয়া দে ফ্রেসনো শহরের সাড়ে তিন হাজার বাসিন্দাকে এলাকা ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। আভিলা প্রদেশেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বুরগোহোন্দো, এল তিয়েমব্লো ও নাভালুয়েঙ্গা এলাকার বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া এল তিয়েমব্লোর একটি পর্যটন কেন্দ্র ও আবাসন প্রকল্প থেকে আরও প্রায় ১ হাজার ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনাটি ঘটেছে গুয়াদালাহারা প্রদেশে, যা রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। গত বৃহস্পতিবার থেকে এই এলাকায় প্রায় ৩২ হাজার হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে।

পরিস্থিতি নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দাবানল নিয়ন্ত্রণে সরকার সব ধরনের সম্পদ ব্যবহার করছে। তিনি জনসাধারণকে সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত স্পেনে প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যেখানে গত বছর পুরো বছরে পুড়েছিল প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর এলাকা।