রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন বসানোর কাজ শুরু হয়েছে। বঙ্গভবন ছাড়ার পর তিনি এই বাসাতেই উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৪ জুলাই) বিকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুইজন কর্মচারী গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামক ওই বাসায় টেলিফোন সংযোগ দিতে আসেন।
বাসাটির সামনে গিয়ে দেখা যায়, সেখানে সুনসান পরিবেশ বিরাজ করছে। তবে ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম জানিয়েছেন, পদত্যাগ করার পর রাষ্ট্রপতির এই বাসার পঞ্চম তলায় ওঠার কথা রয়েছে।
নিরাপত্তা প্রহরী আরও জানান, তিন-চারদিন আগে স্যার এই বাসায় এসেছিলেন। সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন তার সঙ্গে ছিলেন। তিনি বেলা ১১টা ৪৫ মিনিটে এসেছিলেন এবং রাত পৌনে ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করেছিলেন। ইতোমধ্যে তার বাসায় টুকিটাকি বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে এবং সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কয়েকজন সদস্যও রয়েছেন।
টেলিফোন সংযোগ দিতে আসা বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক বলেন, অফিসের বসের নির্দেশে সরকারিভাবে তারা নতুন টেলিফোন লাইন লাগাতে এসেছেন। তিনি বলেন, আজকে যদিও বন্ধ, তবু বলা হয়েছে উনি পদত্যাগ করলে এই বাসাতেই উঠবেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার আগের লাইনটি বাদ দেওয়া হয়েছিল, তাই এখন নতুন লাইন লাগাতে এসেছেন তারা।
শুক্রবার বিকালে পদত্যাগ করার মাধ্যমে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সব জল্পনা-কল্পনার অবসান ঘটান।

