মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত ছাতায় শক্তিশালী বোমা

রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি পরিত্যক্ত ছাতার ভেতরে থাকা বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে। বোমাটি উদ্ধারের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে সেটি নিষ্ক্রিয় করে।

ডিএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতর বোমাটি পড়ে থাকতে দেখা যায়। এটি দেখে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়ার সময় ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

ঘটনা সম্পর্কে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, মেট্রোরেল স্টেশনের নিচের সড়কের পাশ থেকে বোমাটি উদ্ধার করা হয়েছে। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ থাকলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।

মেট্রোরেল পুলিশের (এমআরটি) উপমহপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, তিনি প্রতিবেদন তৈরি করতে ব্যস্ত আছেন। তবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, নিষ্ক্রিয় করা বোমাটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি। তিনি জানান, এ ধরনের বোমাগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে।

কন্টেন্ট: সংগৃহীত