গাজীপুরের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আজ শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ও রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১কেভি ফিডারটির ওপর অতিরিক্ত লোড রয়েছে। লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটি ছোট করে নতুন দুটি ফিডার নির্মাণের কাজ করা হবে। এই কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এলাকা, খানকা শরিফ, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকা।

সাময়িক এই অসুবিধার জন্য কাশিমপুর জোনাল অফিসের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।