চলচ্চিত্র অনুদান কমিটিতে যুক্ত হলেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি

সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই নতুন কমিটিতে জায়গা পেয়েছেন নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ রুমানা ইসলাম মুক্তি। সরকারি এই গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

কমিটিতে যুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় রুমানা ইসলাম মুক্তি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলচ্চিত্র সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সরকারি অনুদান হলো আমাদের দেশের মেধাবী নির্মাতাদের স্বপ্ন পূরণের একটি বড় মাধ্যম। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে আমি সবসময়ই আমাদের চলচ্চিত্র শিল্পের সমৃদ্ধি চেয়েছি। এখন এই মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হতে পেরে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছি।

তিনি আরও বলেন, আমি অত্যন্ত সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমার মূল লক্ষ্য থাকবে এমন সব চিত্রনাট্য ও গল্প নির্বাচন করা, যা আমাদের দেশীয় সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরবে, সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের গৌরব বাড়াবে। বিশেষ করে তরুণ ও নতুন নির্মাতাদের সৃজনশীল ভাবনাকে এগিয়ে নেওয়ার ওপর আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।

গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা: শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি পুনর্গঠনের তথ্য জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি এবং যুগ্মসচিবকে (চলচ্চিত্র) সদস্য সচিব করে মোট ১১ সদস্যের এই কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, প্রযোজক সরদার সানিয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি প্রফেসার ড. সাইফুল ইসলাম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫ (সংশোধিত) অনুযায়ী এই কমিটি ২০২৫-২৬ অর্থবছরের অনুদান প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।