দেশের সব ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন যে, আগামী ছয় মাসের মধ্যে দেশের ৫০ শয্যাবিশিষ্ট সকল হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। তিনি জানান, স্থানীয় পর্যায়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। এর ফলে রোগীদের চিকিৎসার প্রয়োজনে আর ঢাকামুখী হতে হবে না।

শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া সেলাই মেশিন ও হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।