সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করেছে। গত ২ আগস্ট, রবিবার বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাই জারি করা নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং ৮৯-আইন/২০২৬) অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্তাবলি নির্ধারণ করে দিয়েছে বোর্ড।

নতুন অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান বা অধ্যক্ষ ও সুপারদের স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করতে হবে। এই প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। পরবর্তীতে অন্যান্য সদস্যের নামসহ প্রস্তাবটি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে ভিন্ন নিয়ম রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। নতুন অ্যাডহক কমিটি গঠনের জন্য আগামী ১৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এই জরুরি নির্দেশনা পাঠিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত