অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) প্রতি পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। রোববার সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত এই আইন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার যে বিশেষ উদ্দেশ্যে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা তাদের কর্তব্য। আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার ক্ষেত্রে সংবিধান ও আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে অ্যাটর্নি জেনারেল নবনিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের নিয়ে আপিল বিভাগে যান। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে, গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল করা হয়। একই প্রজ্ঞাপনে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়।

