আগামী ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে দেশের নতুন ফুটবল মৌসুম। এরপর ২৪ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮-২৯ আগস্ট বাংলাদেশ লিগের প্রথম রাউন্ড শুরু হওয়ার কথা রয়েছে। তবে মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে ঘরোয়া ফুটবলে দেখা দিয়েছে নাটকীয় পরিস্থিতি। আগামী লিগে অন্তত ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বাফুফে জরুরি সভায় নতুন করে তিনটি ক্লাবকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো হলো গত মৌসুমে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ক্লাবগুলোকে ক্লাব লাইসেন্সিংসহ সব ধরনের শর্ত পূরণ করতে হবে।
কাগজে-কলমে বাংলাদেশ লিগে ১০টি দল থাকলেও নতুন করে দল আমন্ত্রণের পেছনে রয়েছে বড় ধরনের জটিলতা। দেশের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ওপর ফিফার পক্ষ থেকে দলবদলের নিষেধাজ্ঞা রয়েছে। কিংসের বিরুদ্ধে তাদের সাবেক খেলোয়াড় ও কোচের ১১টি এবং আবাহনীর বিরুদ্ধে ৩টি অভিযোগ রয়েছে। আগামীকাল অভিযোগ নিষ্পত্তির শেষ দিন। আবাহনী ইতিমধ্যে দুটি অভিযোগের সুরাহা করায় তারা নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশা করছে। তবে বসুন্ধরা কিংসের বিষয়টি নিয়ে বাফুফে বেশ শঙ্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা জানান, ৪ আগস্টের মধ্যে কিংসের নিষেধাজ্ঞামুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লিগে ১০টি দল থাকতেই হবে, তাই আপাতত তিনটি ক্লাবকে খেলার অনুমতি দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন প্রশ্ন উঠছে, যদি নতুন তিনটি ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করে এবং শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসও নিষেধাজ্ঞামুক্ত হয়ে মাঠে নামে, তবে কি আগামী লিগে ১৩টি দল খেলবে? বাফুফের ওই কর্মকর্তা এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বাস্তবে ১৩টি দল নিয়ে লিগ হওয়ার সম্ভাবনা নেই।

