চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার জলদী মিয়ার বাজার থেকে র্যালিটি শুরু হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে র্যালিটি জলদী জিএস প্লাজা মার্কেট চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর এমপি মাওলানা জহিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, মাদক, ইয়াবা এবং অনলাইন-অফলাইন জুয়ার বিরুদ্ধে দেশে এখন জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। এ বিষয়ে খুব দ্রুতই জাতীয় সংসদে কার্যকর আইন প্রণয়ন করা হবে।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এমপি জহিরুল ইসলাম বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ তরুণ জনগোষ্ঠীই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। তাই তরুণ সমাজকে মাদক ও জুয়ার বিরুদ্ধে আরও বেশি সচেতন হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব বিভাগের দায়িত্বশীলরা, স্থানীয় আলেম, শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

