সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে এবং সরকার বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিলের লক্ষ্যে দুবাইয়ে একটি ল' ফার্ম নিয়োগ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং এ বিষয়ে নিয়োগকৃত ল' ফার্ম কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। জামিনের শর্ত অনুযায়ী, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এদিকে, বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া পুলিশ সদরদপ্তর থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, দুবাইয়ের আদালতে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি এবং উভয় পক্ষের শুনানির পরই আদালত এই জামিন আদেশ দেন। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

