সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে খুব দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র বিনিময় করা হয়েছে। দুই পক্ষের মধ্যে নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আমিরাত কর্তৃপক্ষ যেসব নির্দিষ্ট তথ্য চেয়েছিল, সেগুলোও যথাযথভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শামা ওবায়েদ আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন অনুযায়ী বিষয়টি নিয়ে কাজ করছে। বাংলাদেশও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম)’-এর লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) ২০২৬-২০৩০-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

