দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। গ্রেপ্তারের পর তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে আগামী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দেওয়ার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করার সময় দুবাইয়ে ট্রানজিটের সময় আটক হন। এই আটকের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি, বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ইন্টারপোলের রেড নোটিশ (নং-A-5174/4-2025) অনুযায়ী বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অবশ্যই আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই আবেদন জমা না দেওয়া হলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।
গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। আদালত দেশটির ফেডারেল আইন নং ৩৯/২০০৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আমিরাতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে যথাযথ স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে হবে। এসব নথির মধ্যে অভিযুক্তের পরিচয় ও জাতীয়তার তথ্য, অভিযোগের আইনি ভিত্তি ও শাস্তির বিবরণ, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদনের অনুলিপি এবং প্রয়োজনে আদালতের রায় ও সাজা কার্যকরের নথি অন্তর্ভুক্ত থাকতে হবে।
