আলমারিতে জায়গা নেই, বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন বেঞ্জামিন মেন্দি

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন প্রায় সব ফুটবলারই। সেই ট্রফির একটি অফিশিয়াল রেপ্লিকা বা প্রতিরূপ পাওয়া অনেক খেলোয়াড়ের কাছেই আজীবনের স্মৃতি হয়ে থাকে। তবে ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী ফুটবলার বেঞ্জামিন মেন্দির কাছে সেই ট্রফিটিই যেন উল্টো ঝামেলায় পরিণত হয়েছে। আর সেই কারণেই নিজের ব্যক্তিগত বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাটি নিলামে তুলে দিয়েছেন এই সাবেক ফরাসি ডিফেন্ডার। সমালোচকদের প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে বলেছেন, ট্রফিটি রাখার জন্য তার আলমারিতে নাকি পর্যাপ্ত জায়গা ছিল না।

ফরাসি ক্রীড়া সাময়িকী লেকিপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোলডিন আয়োজিত গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু–তে মেন্দির ট্রফিটি বিক্রি হয়েছে। গত ২৫ জুলাই শেষ হওয়া এই নিলামে ট্রফির রেপ্লিকাটি ৬২ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ লাখ ৬৪ হাজার টাকা) বিক্রি হয়েছে। নিলামের তালিকায় রেপ্লিকাটিকে ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়েছিল, কারণ ট্রফির নিচের অংশে কিছু ফাটল ও ক্ষয়ের দাগ ছিল। তবে এর সত্যতা নিশ্চিত করতে ক্রেতাকে মেন্দির স্বাক্ষর করা একটি সনদ দেওয়া হয়েছে।

নিলামের খবর প্রকাশ্যে আসার পর ৩২ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন। স্ন্যাপচ্যাটে সমালোচকদের উদ্দেশ্য করে মেন্দি লিখেছেন, ‘ওটা আমার ট্রফি, নাকি তোমাদের? যা–ই হোক, ওটা আমারই। আমার ট্রফি, আমি যা ইচ্ছা তা–ই করব।’ তিনি আরও রসিকতা করে বলেন, ‘আর তা ছাড়া, ওটা আলমারিতে অনেক জায়গা নিয়ে রেখেছিল।’ এখানেই শেষ নয়, মেন্দি ইঙ্গিত দিয়েছেন যে তার কাছে বিক্রি করার মতো আরও ট্রফি রয়েছে।

২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য মেন্দি ২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সময় বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার ছিলেন। ক্লাব ক্যারিয়ারে আটটি শিরোপা জেতা মেন্দির ক্যারিয়ার ২০২১ সালে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগের কারণে থমকে গিয়েছিল। তবে দীর্ঘ দুই বছর মাঠের বাইরে থাকার পর ২০২৩ সালের জুলাইয়ে তিনি সব অভিযোগ থেকে খালাস পান। বর্তমানে তিনি পোল্যান্ডের ক্লাব পোগোন জেকিনে খেলছেন এবং ২০২৭ সালের জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে।