আজ বিশ্ব বাবা দিবস: এক নারীর প্রচেষ্টায় আন্তর্জাতিক স্বীকৃতি

আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে বাবার অপরিসীম অবদানকে সম্মান জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার এই বিশেষ দিনটি পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করা হয়।

বাবা দিবসের ইতিহাস: এক নারীর নিরলস প্রচেষ্টা

ইতিহাস থেকে জানা যায়, বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সনোরা স্মার্ট ডড নামের এক নারীর অগ্রণী ভূমিকা ছিল। ১৯০৯ সালের আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে বাবা দিবস বলে কোনো বিশেষ দিন ছিল না। সে সময় স্থানীয় একটি গির্জায় ডড মা দিবস পালনের কথা শোনেন। মা দিবস পালনের রীতি থাকলেও বাবা দিবস পালনের কোনো প্রথা নেই জেনে তিনি ভীষণ অবাক হন। এরপর তিনি বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন।

ডড তার বাবাকে গভীরভাবে ভালোবাসতেন। তার মা ছিলেন না। মায়ের মৃত্যুর পর তাদের সাত ভাইবোনকে শত দুঃখ-কষ্টের মধ্যেও একা হাতে বড় করে তুলেছিলেন তাদের বাবা। বাবার এই আত্মত্যাগ দেখে ডডের মনে হয়েছিল, যদি মা দিবসের জন্য এত আয়োজন থাকতে পারে, তবে বাবা দিবস কেন বাদ থাকবে? বাবাকে সম্মান জানানোর জন্যও একটি নির্দিষ্ট দিন থাকা প্রয়োজন।

এরপর অনেক চেষ্টা ও দীর্ঘ এক বছরের সাধনার পর ডড স্থানীয় কমিউনিটিগুলোতে বাবা দিবস পালনের ব্যবস্থা করতে সক্ষম হন। ফলস্বরূপ, ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো বাবা দিবস পালিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত