বলিউডে জম্বি সিনেমার জোয়ার, রণবীর ও কার্তিকের মধ্যে মহাযুদ্ধ

বলিউডের সিনেমা জগতে এখন জম্বি ঘরানার সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। আগামী বছরগুলোতে সিনেপ্রেমীরা বেশ কয়েকটি জম্বি থ্রিলার উপভোগ করার সুযোগ পাবেন। অ্যাকশন, অ্যাডভেঞ্চার কিংবা রোমান্টিক ধারার প্রথাগত সিনেমা ছেড়ে এখন জম্বি থ্রিলারের দিকে ঝুঁকছেন নির্মাতারা। এই নতুন ধারার সিনেমায় বলিউডের বড় বড় তারকাদের মুখোমুখি হতে দেখা যাবে।

রণবীর সিং তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এবার জম্বি থ্রিলার ‘প্রলয়’ নিয়ে পর্দায় ফিরতে প্রস্তুত। আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করে অনেক পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছিল। এবার জয় মেহতার পরিচালনায় এবং নোবেলজয়ী লেখক জোসে সারামাগোর ‘ব্লাইন্ডনেস’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে রণবীরের ‘প্রলয়’। তবে রণবীর এই লড়াইয়ে একা থাকছেন না। তাকে কড়া টক্কর দিতে প্রস্তুত কার্তিক আরিয়ান। পরিচালক বিষ্ণুবর্ধনের পরিচালনায় কার্তিকের একটি নতুন জম্বি সিনেমা ২০২৭ সালের শুরুর দিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা রণবীরের ‘প্রলয়’-এর আগেই থিয়েটারে ঝড় তুলবে বলে শোনা যাচ্ছে। ফলে রণবীর প্রথম মুক্তির যে বাড়তি সুবিধা পাওয়ার আশা করেছিলেন, তা হয়তো হাতছাড়া হতে চলেছে। ডেকান ক্রনিকলের তথ্য অনুযায়ী, কার্তিকের নাম ঠিক না হওয়া এই জম্বি থ্রিলারটির শুটিং আগামী মাসেই শুরু হচ্ছে এবং নির্মাতারা এটি ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। বিপরীতে রণবীরের ‘প্রলয়’-এর শুটিং আগামী বছরের শেষদিকে সম্পন্ন হবে।

কেবল রণবীর বা কার্তিকই নন, ভারতের এই নতুন জম্বি ট্রেন্ডে শামিল হয়েছেন টাইগার শ্রফও। তাকে আহমেদ খানের একটি জম্বি-কমেডি সিনেমায় দেখা যাবে। এছাড়া তেজা সাজ্জা ও শানায়া কাপুর ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘জম্বি রেড্ডি’-এর সিক্যুয়েল নিয়ে আসছেন।

উল্লেখ্য যে, ২০১৩ সালে সাইফ আলী খানের কাল্ট কমেডি ‘গো গোয়া গন’ এবং ২০২০ সালে নেটফ্লিক্সের ‘বেতাল’ দিয়ে ভারতীয় দর্শক জম্বি ঘরানার সাথে পরিচিত হয়েছিল। বর্তমানে ‘ট্রেন টু বুসান’ বা ‘অল অব আস আর ডেড’-এর মতো কোরিয়ান ও হলিউড কনটেন্ট দেখে ভারতীয় দর্শকরা এখন অভ্যস্ত। তাই নির্মাতাদের মতে, এখন শুধু জম্বি দেখালেই চলবে না, ছবির মানও হতে হবে বিশ্বমানের। রণবীর, কার্তিক নাকি টাইগার—বলিউডের এই আসন্ন জম্বি মহাযুদ্ধে শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার বিষয়।

কন্টেন্ট: সংগৃহীত