যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা সাময়িকভাবে বাতিল

দুই দেশের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, এটি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের সমতুল্য কোনো পদক্ষেপ নয়।

ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, একজন ঊর্ধ্বতন কূটনীতিকের ভিসা বাতিল করা হয়েছে মাত্র, কিন্তু রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়নি। তিনি আরও জানান, ব্রাজিলের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের মনোনীত রাষ্ট্রদূত প্রার্থীর অনুমোদন দেওয়া হলে রিবেইরো ভিয়োত্তির ভিসা পুনরায় বহাল করা হবে। ততদিন পর্যন্ত তিনি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

বর্তমানে ব্রাজিলে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী ড্যানি পেরেজের নিয়োগ ঝুলে আছে। গত জুন মাসে পেরেজকে মনোনীত করা হলেও মার্কিন সিনেট থেকে এখনো তাঁর পূর্ণাঙ্গ অনুমোদন মেলেনি। জানা গেছে, মার্কিন প্রশাসন ট্রাম্পের মনোনীত এই প্রার্থীর অনুমোদন আটকে রাখার প্রতিক্রিয়ায় ব্রাজিলের রাষ্ট্রদূতের ওপর এই বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, ট্রাম্প সরকার ব্রাজিলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার আগেই পেরেজের মনোনয়নের ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে, ব্রাজিল সরকারের অভ্যন্তরীণ সূত্র বলছে, এটি কূটনৈতিক প্রোটোকলের লঙ্ঘন। পেরেজকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার আগে ব্রাজিল তাঁর মনোনয়ন খতিয়ে দেখার পরিকল্পনা করছে। এই অনুমোদন ছাড়া পেরেজ রাজধানী ব্রাসিলিয়ায় দায়িত্ব গ্রহণ করতে পারবেন না বলে আল জাজিরা জানিয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত