ছুটি কাটাতে নিজ শহরে ফিরেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে দিয়োগো। কিন্তু সেই ফেরা আর আনন্দের হলো না, বরং সশস্ত্র হামলাকারীর গুলিতে অকালে প্রাণ হারালেন এই উদীয়মান ফুটবল তারকা। মাত্র ২১ বছর বয়সেই থেমে গেল তার সম্ভাবনাময় ফুটবলযাত্রা।
ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সাও পাওলো অঙ্গরাজ্যের রিবেইরাও প্রেতো শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সেরি সি লিগের ক্লাব সাও বের্নার্দো এফসির এই ফরোয়ার্ডের শরীরে অন্তত ১০টি গুলি লেগেছিল। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় সিমিওনি ইমার্জেন্সি কেয়ার ইউনিটে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।
দিয়োগোর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলিয়ান ফুটবলে। তার ক্লাব সাও বের্নার্দো এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই খেলোয়াড়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। মাত্র ২১ বছর বয়সে সম্ভাবনাময় এক ক্যারিয়ারের এমন করুণ সমাপ্তি মেনে নিতে পারছে না ব্রাজিলের ফুটবল অঙ্গন।

