প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে ১৫ বছর পর মুখ খুললেন ব্রেট লি

অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মধ্যকার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবে খেলার সুবাদে তাদের দুজনের সুসম্পর্ক নিয়ে বহু চর্চা হয়েছে। তবে দীর্ঘ ১৫ বছর পর অবশেষে সেই গুঞ্জন নিয়ে নিরবতা ভেঙেছেন ব্রেট লি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, বলিউড নায়িকাদের সঙ্গে কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াননি তিনি।

সম্প্রতি ‘বম্বে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতির সঙ্গে সম্পর্কের বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে অজি কিংবদন্তি বলেন, ‘প্রীতি আর আমি স্রেফ খুব ভালো বন্ধু। ও ভীষণ বুদ্ধিমতী একজন নারী এবং তার প্রতি আমার অগাধ সম্মান রয়েছে।’

মানুষের বিভিন্ন গুঞ্জনকে কখনোই পাত্তা দেননি জানিয়ে ব্রেট লি বলেন, ‘মানুষ কত কিছুই না অনুমান করতে ভালোবাসে। তবে আসল সত্যিটা আমি ভালো করেই জানতাম, তাই এসব কখনো নিজের ওপর প্রভাব ফেলতে দিইনি।’

উল্লেখ্য, আইপিএলের উদ্বোধনী আসর থেকেই প্রীতির দল পাঞ্জাবের হয়ে মাঠ মাতিয়েছিলেন লি। সেই সুবাদেই তাদের বন্ধুত্বের রসায়ন নিয়ে গসিপ বাজারে নানা রটনা ডালপালা মেলেছিল, যা সেসময় বেশ ক্ষোভের জন্ম দিয়েছিল প্রীতির মনে। পরবর্তীতে ২০১৬ সালে মার্কিন ব্যবসায়ী জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি, আর ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দুই দশকের বর্ণিল ক্যারিয়ার শেষ করা ব্রেট লি।