কুমিল্লায় বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত একটি বেইলি সেতু ভেঙে ইটবোঝাই একটি বাল্কহেডের ওপর পড়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাল্কহেডে থাকা চালক, সুকানি, সহকারী ও ১৭ জন শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন, নগদ টাকা, কাপড় ও ঘুমানোর চাদরসহ বিভিন্ন সামগ্রী নদীতে তলিয়ে গেছে।

বাল্কহেডের মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী জানান, ঢাকার জিঞ্জিরা থেকে ৫০ হাজার টাকা ভাড়ায় ৪০ হাজার ইট নিয়ে তিনি শনিবার ভোরে রওনা হয়েছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে খিরাই নদী দিয়ে দাউদকান্দি উপজেলার খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছালে বিকট শব্দে সেতুটি ভেঙে বাল্কহেডের ওপর পড়ে। ২৫ লাখ টাকায় কেনা বাল্কহেডটির ওপর সেতু ভেঙে পড়ায় তিনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান। শ্রমিক কাশেম মিয়া জানান, সহায়-সম্বল হারিয়ে তিনি রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে আছেন।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মজনু মিয়া বলেন, দীর্ঘদিনের বর্ষা ও বৃষ্টিতে বেইলি সেতুর পাটাতনগুলোতে মরিচা ধরে সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল এবং প্রায়ই দেবে গিয়ে দুর্ঘটনা ঘটত। এলজিইডির দাউদকান্দি উপজেলা কার্যালয়ের উদ্যোগে পাটাতন মেরামতের কাজ চলছিল। তবে প্রকৌশলী উপস্থিত না থাকায় মেরামতকারী শ্রমিকেরা না বুঝে সেতুর সংযোগের নাট খুলে ফেলেন, যার ফলে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর মেরামতকারী শ্রমিকেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সেতুটি ভেঙে যাওয়ায় এই সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে দাউদকান্দি উপজেলা ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

কন্টেন্ট: সংগৃহীত