আগামী ১৬ আগস্ট বিএনপি সরকারের বর্তমান মেয়াদের প্রথম ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। এই সময়টিকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ও প্রশাসনের অন্দরে মন্ত্রিসভা পুনর্গঠনের জোর আলোচনা শুরু হয়েছে। সরকারের উচ্চপর্যায়ে গত ছয় মাসের কর্মদক্ষতা, ভাবমূর্তি এবং দায়িত্ব পালনের চুলচেরা মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদল আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও দলীয় সূত্র জানিয়েছে, বর্তমানে ২৪ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর কার্যক্রম নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে। মন্ত্রণালয়গুলোর কাজের গতি, প্রশাসনিক দক্ষতা, জনসম্পৃক্ততা এবং সরকারের সামগ্রিক ভাবমূর্তি রক্ষায় ভূমিকার বিষয়গুলো এই মূল্যায়নে প্রাধান্য পাচ্ছে। যেসব মন্ত্রী বা প্রতিমন্ত্রী অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়েছেন কিংবা প্রত্যাশিত কর্মদক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন, তাদের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন এবং মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, বর্তমানে অন্তত ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে কিছু মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রমে গতি কিছুটা ব্যাহত হওয়ায় দায়িত্ব পুনর্বণ্টন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মূলত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি, প্রশাসনিক জটিলতা নিরসন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার ওপর ভিত্তি করেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সম্ভাব্য রদবদলে মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে এবং অভিজ্ঞতার মূল্যায়নে বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম আলোচনায় রয়েছে। রাজনৈতিক ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং সেলিমা রহমানের নাম সম্ভাব্য তালিকায় আলোচনায় আছে। এছাড়া নতুন মুখ হিসেবে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং রকিবুল ইসলাম বকুলের নামও ঘুরেফিরে আসছে।
সরকারের শরিক ও সমমনা দলগুলোর মধ্য থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, শাহাদাত হোসেন সেলিম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার গুঞ্জন রয়েছে।

