চাঁদপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

চাঁদপুরের জৈনপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন নামে একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে শহরের বাবুরহাট পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা ছিলেন।

এই ঘটনায় সিএনজি চালকসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) এবং সবািশপুর গ্রামের কবির (৪০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আরএমও ডা. আসিবুল আহসান জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই নুরুল আমিন মারা যান। এছাড়া গুরুতর আহত সিএনজি চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জৈনপুর রুটে চলাচলকারী বাসগুলোর কোনো রোড পারমিট নেই। বাসগুলো আকারে ছোট হওয়ার পরও অনেক ঝুঁকি নিয়ে দ্রুত গতিতে চালানো হয়। স্থানীয়দের দাবি, এই বাসগুলো প্রায়ই সড়কে দুর্ঘটনার কবলে পড়ে, কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।

কন্টেন্ট: সংগৃহীত