দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং জেলে সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে একটি জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২ আগস্ট) সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করা এবং প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় স্থানীয় জেলেরা তাদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে মৎস্য সম্পদ সংরক্ষণে জেলেদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ আহরণ রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

