ফেনীর পরশুরামে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ফেনীর পরশুরাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে আশরাফুল ইসলাম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় গুথুমা খাঁন বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজাদ হোসেনের ছোট ছেলে। এছাড়া সে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বক্সমাহমুদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক রনির ভাতিজা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির সবাই যখন নামাজ ও ঘরের কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই শিশুটি অসাবধানতাবশত বসতবাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। রোববার রাতেই উত্তর কেতরাঙ্গা গ্রামে নিজ বাড়ির পুকুর পাড়ে পারিবারিক কবরস্থানে শিশু আশরাফুলের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত