হরমুজ প্রণালিতে ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এলেন ট্রাম্প

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ চেয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন তিনি। মঙ্গলবার ১৪ জুলাই বিবিসির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।

ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো বিদেশি বিনিয়োগ বাড়ানো। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টি সামনে এনেছেন। ট্রাম্প দাবি করেছেন, এই ধরনের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে এবং নতুন কারখানা ও শিল্প স্থাপনা গড়ে উঠবে। তবে এসব পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া যেসব উপসাগরীয় দেশকে তিনি এই বিনিয়োগের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিজের পোস্টে ট্রাম্প আরও ঘোষণা করেন যে, হরমুজ প্রণালি ইরান ছাড়া অন্য সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। ইরানের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, তাদের মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্ব দেশটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এছাড়া ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপ করার কথাও জানিয়েছেন তিনি।

ট্রাম্পের সর্বশেষ পোস্টের শেষ অংশটি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ।’ তবে তিনি কীভাবে এই লক্ষ্য বাস্তবায়ন করবেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh