চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা জয়শ্রী দাশ মাদ্রাসা পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী ও উপস্থিত সকলের উদ্দেশে বলেন, তোমাদের সুশৃঙ্খল পরিবেশ দেখে আমি অভিভূত। ‘যার সঙ্গে ভালো, তার সঙ্গে প্রথম আলো’—এই মূলমন্ত্রকে ধারণ করে দাতব্য কাজের অংশ হিসেবে প্রতিবছর আমরা ফলাহার উৎসবের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নানা ধরনের ফলের স্বাদ নেওয়ার আনন্দ ভাগ করে নিই।
গত ১৯ জুন বিকেলে চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা নগরীর উত্তর হালিশহরে অবস্থিত তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদ্রাসায় উপস্থিত হন। এর আগে সকাল ১১টার দিকে বন্ধুরা চট্টগ্রামের ফলমন্ডিতে সমবেত হয়ে মৌসুমি ফল কেনার আয়োজন করেন। কেনাকাটা শেষে জুমার নামাজ আদায় ও দুপুরের খাবারের পর্ব শেষ করে তারা মাদ্রাসায় পৌঁছান। সেখানে প্রায় ৭০ জন এতিম শিক্ষার্থী এবং স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে গ্রীষ্মের সাত ধরনের ফল, যেমন আম, জাম, কাঁঠাল, আনারস ও জামরুল বিতরণ করা হয়।
চট্টগ্রাম বন্ধুসভার আরেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইশতিয়াক উর রহমান উপস্থিত শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার এবং ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার অনুপ্রেরণা দেন।
তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদ্রাসার দাতা জাহাঙ্গীর আলম জানান, এই মাদ্রাসাটি একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান, যা বর্তমানে শুভাকাঙ্ক্ষীদের অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল হাশেম বলেন, প্রথম আলোর পাতা খুললেই প্রায়ই বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম চোখে পড়ে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বন্ধুসভা তাদের এমন মানবিক আয়োজনের মাধ্যমে পাশে থাকবে। সাধারণ সম্পাদক পারভেজ মিয়াজী চট্টগ্রাম বন্ধুসভার এমন চমৎকার মানবিক ও ভিন্নধর্মী উদ্যোগের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া বলেন, আমরা এখানে এসেছি বন্ধু হিসেবে বন্ধুদের উপহার দিতে। প্রতিটি উপহারের সঙ্গেই জড়িয়ে থাকে অকৃত্রিম ভালোবাসা ও মমতা। এই মায়া-মমতা আমরা একে অপরের মাঝে ছড়িয়ে দেব। তিনি শিক্ষার্থীদের মার্জিত পোশাক ও সুশৃঙ্খল আচরণেরও প্রশংসা করেন।
পুরো আয়োজনটি সমন্বয় করেন চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান, অর্থ সম্পাদক ফয়সাল হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফ উল হক ও বন্ধু নিলয় ঘোষ।
