চোট নিয়েই কানাডার বিশ্বকাপ দলে আলফোনসো ডেভিস

বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা তাদের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এই দলে অভিজ্ঞ খেলোয়াড় আলফোনসো ডেভিস এবং জোনাথন ডেভিডের জায়গা হয়েছে। তবে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ডেভিসকে নিয়ে ইনজুরির শঙ্কা রয়েছে।

ডেভিস বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। পিএসজির বিপক্ষে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে তিনি এই চোট পান। এর আগে পেশীর গুরুতর ইনজুরির কারণে দীর্ঘ আট মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এই ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে, জুভেন্টাসের ফরোয়ার্ড জোনাথন ডেভিড কানাডার বিশ্বকাপ দলের অন্যতম বড় তারকা। কোচ জেসি মার্শ কানাডিয়ান ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় ডেভিডের উপরই মূল ভরসা রাখছেন, যিনি ২০২০ সালে ৩০ মিলিয়ন ইউরোতে লিলিতে যোগ দিয়েছিলেন।

দল ঘোষণার সময় কোচ জেসি মার্শ বলেন, “আমাদের কাছে সত্যিই এমন ২৬ জন খেলোয়াড়ের সেরা দল রয়েছে, যা এই দেশ এর আগে কখনও একসঙ্গে পায়নি। তারা কি সবাই এই মুহূর্তে শতভাগ ফিট? না, কিন্তু তারা খুব কাছাকাছি অবস্থায় আছে।” খেলোয়াড়দের চোট নিয়ে সংবাদমাধ্যমের বারবার করা প্রশ্নে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করেন।

টরেন্টোর জনপ্রিয় সিএন টাওয়ারে এক জমকালো আয়োজনে প্রতিটি খেলোয়াড়ের ছবি ব্যানারে প্রদর্শন করে দল ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সাথে সহ-আয়োজক কানাডা তাদের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ ঘরের মাঠেই খেলবে।

কানাডা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১২ জুন টরেন্টোতে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ভ্যাঙ্কুভারে তারা কাতার ও সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এর আগে কানাডা ১৯৮৬ সালে মেক্সিকোতে এবং ২০২২ সালে কাতারে দুটি বিশ্বকাপে অংশ নিয়েছিল। সেই আসরগুলোতে গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবকটিতেই তারা পরাজিত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এবং ২০২৪ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে তারা সবাইকে চমকে দিয়েছিল।

এবারের দলে ডেভিস ও ডেভিড ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে। এদের মধ্যে পোর্তোর প্লেমেকার স্টিফেন ইউস্টাকিউ, সাসৌলোর মিডফিল্ডার ইসমায়েল কোনে, ভিয়ারিয়ালের জুটি টায়োন বুখানান ও টানি ওলুওয়াসেই এবং সাউদাম্পটনের এ্যাটাকার কাইল লারিন উল্লেখযোগ্য। এছাড়া ইনজুরি শঙ্কা নিয়ে দলে অন্তর্ভুক্ত হয়েছেন নিসের ডিফেন্ডার মোয়েস বমবিটো, নরউইচের মিডফিল্ডার আলি আহমেদ, লস এ্যাঞ্জেলসের উইঙ্গার জ্যাকব শাফেলবার্গ এবং বেলজিয়াম ইউনিয়নের স্ট্রাইকার প্রমিস ডেভিড।

কানাডার বিশ্বকাপ দল

গোলরক্ষক

  • ডায়নে সেন্ট ক্লেয়ার
  • ম্যাক্সিম ক্রিপিউ
  • ওয়েন গুডম্যান

ডিফেন্ডার

  • অ্যালিস্টার জনস্টোন
  • ডেরেক করনেলিয়াস
  • রিচি লারিয়া
  • নিকো সিগার
  • জোয়েল ওয়াটারম্যান
  • লুক ডি ফগেরোলস
  • মোয়েস বমবিটো
  • আলফোনসো ডেভিস
  • আলফি জোনস

মিডফিল্ডার

  • স্টিফেন ইউস্টাকিউ
  • ইসমায়েল কোনে
  • টায়োন বুখানন
  • ম্যাথিউ কোইনিয়ার
  • আলি আহমেদ
  • ন্যাথান সালিবা
  • লিয়াম মিলার
  • মার্সেলো ফ্লোরেস
  • জ্যাকব শাফেলবার্গ
  • জোনাথন ওসোরিও

ফরোয়ার্ড

  • জোনাথন ডেভিড
  • কাইল লারিন
  • টানি ওলুওয়াসেই
  • প্রমিস ডেভিড
কন্টেন্ট: সংগৃহীত