ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা খালাস পেলেন আদালতে
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়া বিয়ে, ব্যভিচার ও মানহানির অভিযোগে করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
এর আগে সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে স্ত্রী তামিমার হাত ধরে আদালতে হাজির হন ক্রিকেটার নাসির হোসেন। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায় এবং রায়কে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের নজরে আসে। পরে গণমাধ্যমের প্রতিবেদন দেখে তিনি বিস্তারিত জানতে পারেন।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি রাকিব হাসান আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। পাশাপাশি নাসির তাকে প্রলুব্ধ করে নিয়ে যান বলেও অভিযোগ করা হয়।
মামলায় আরও বলা হয়, এ ঘটনার কারণে বাদী ও তার আট বছরের কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সামাজিকভাবে মানহানির শিকার হন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ রায় ঘোষণা করে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
