বিশ্বের বিভিন্ন শহরের বাসযোগ্যতার ওপর ভিত্তি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) তাদের সর্বশেষ গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স প্রকাশ করেছে। মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও বিশ্বের তৃতীয় কম বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। মোট ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম, যা গত বছরের তুলনায় অপরিবর্তিত রয়েছে।
তালিকায় সবচেয়ে নিচে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। ২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে শহরটি সর্বনিম্ন অবস্থানে রয়েছে এবং এর স্কোর ৩১ দশমিক ৬। দামেস্কের ঠিক ওপরে ১৭২তম স্থানে রয়েছে লিবিয়ার ত্রিপোলি। ৪১ দশমিক ৭ স্কোর নিয়ে ১৭১তম অবস্থানে ঢাকা এবং ১৭০তম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এবারের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ৯৮ স্কোর নিয়ে শীর্ষে থাকা এই শহরের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এছাড়া শীর্ষ ১০ শহরের তালিকায় উত্তর আমেরিকা থেকে একমাত্র কানাডার ভ্যাঙ্কুভার জায়গা করে নিয়েছে, যার অবস্থান নবম। বিশ্বের বড় মহানগরগুলোর মধ্যে জাপানের রাজধানী টোকিও রয়েছে দশম স্থানে।
ইআইইউ-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শহরের অবস্থানের অবনতি ঘটেছে। ইরানি ড্রোন হামলার প্রভাবের পর ওমানের মাস্কাট ১৪ ধাপ পিছিয়ে ১২৩তম স্থানে নেমে এসেছে। একই সঙ্গে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের শহর দোহা, দুবাই এবং আবুধাবির অবস্থানও আগের চেয়ে নিচে নেমেছে।
অন্যদিকে, চীনে সরকারি বিনিয়োগ বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা খাতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। তবে পরিবেশগত চ্যালেঞ্জ, কঠোর নজরদারি ব্যবস্থা এবং গণতান্ত্রিক সীমাবদ্ধতার কারণে দেশটির শহরগুলো সামগ্রিক র্যাঙ্কিংয়ে বড় কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি।

