দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে এবং ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। পুলিশের একটি ঘনিষ্ঠ সূত্র মানবজমিনকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
কারামুক্তির পর গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় বেনজীর আহমেদ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।
আদালত তার জামিনের সঙ্গে বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে। আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হন। দুবাই পুলিশ এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়েছিল। পরে গত ১২ জুন দুবাই পুলিশ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে তার গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।
বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা করেছে। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আইনি সহায়তা চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, যার ধারাবাহিকতায় তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছিল।

