নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে আশিক (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলার শিবগঞ্জ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩ ঘন্টা ব্যাপী তল্লাশির পর যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। আশিক দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশিক তার বড় ভাই ওমর ফারুকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওমর ফারুক তেরি বাজার ঘাট থেকে শিবগঞ্জ বাজার ঘাটে নৌকার মাঝি হিসেবে কাজ করেন। মঙ্গলবার দুপুরে আশিক তার বড় ভাইয়ের সাথে অন্য কয়েকজনের সাথে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে স্রোতের টানে আশিক তলিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে খুঁজে না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আশিকের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে স্থানীয়দের সহায়তায় নদীতে জাল ফেলে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। অবশেষে ডুবুরীদল আশিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।