নেতিবাচক প্রবৃদ্ধিতে শুরু নতুন অর্থবছর, রপ্তানি আয় কমল ০.৯০ শতাংশ

বাংলাদেশের রপ্তানি খাত ২০২৬-২৭ অর্থবছরের যাত্রা শুরু করেছে নেতিবাচক প্রবৃদ্ধির মধ্য দিয়ে। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে রপ্তানি থেকে আয় হয়েছে ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলার।

ইপিবির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, আগের অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয়ে প্রায় ০.৯০ শতাংশের ঘাটতি তৈরি হয়েছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পেও (আরএমজি) এই নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে। জুলাই মাসে এই খাত থেকে মোট ৩ দশমিক ৮৮ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা আগের বছরের একই মাসে অর্জিত ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম।

তৈরি পোশাকের উপখাতগুলোও চাপের মুখে রয়েছে। এর মধ্যে নিটওয়্যার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৯০ শতাংশ কম। এছাড়া ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমে জুলাই মাসে ১ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত