চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। শনিবার (১৩ জুন) ফটিকছড়ি সদর এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে জসিম উদ্দিন দাবি করেন, একই এলাকার নুর মোহাম্মদ, লাকী আক্তার, ইয়াছমিন আক্তার এবং খতিজা বেগম তার জমির ওপর ভিত্তিহীন মালিকানা দাবি করে অতিরিক্ত জেলা হাকিম আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। তবে আদালত তার বৈধ দলিলপত্র, নামজারি রেকর্ড এবং দীর্ঘদিনের দখল স্বত্ব পর্যালোচনা করে চলতি বছরের ১২ জানুয়ারি মামলাটি খারিজ করে দেন।
তিনি আরও জানান, আদালতের এই সুস্পষ্ট সিদ্ধান্তের পরও গত ৭ জুন তিনি যখন তার বৈধ মালিকানাধীন জমিতে বেড়া ও সীমানা প্রাচীর নির্মাণ করতে যান, তখন প্রতিপক্ষরা তাতে বাধা দেয়। একই সাথে, নিজেদের মধ্যে হাতাহাতির নাটক সাজিয়ে আহত হওয়ার ভান করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন দৃঢ়ভাবে বলেন যে, তারা কোনো ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত নন। বরং তারা বৈধভাবে ক্রয়কৃত এবং দীর্ঘকাল ধরে ভোগদখলীয় সম্পত্তির অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন যে, প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ, মামলা এবং অপপ্রচারের মাধ্যমে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা চালাচ্ছে।
এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উভয় পক্ষের দলিলপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে তার বৈধ সম্পত্তির অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে, মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে নাজমা আক্তার, দৌলত মিয়াসহ স্থানীয় বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
