মেক্সিকোতে জমকালো সূচনা
নাচ, গান আর সুরের মূর্ছনায় মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এক জমকালো মঞ্চায়নের মধ্য দিয়ে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের শুভ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম এই ফুটবল আসরের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা এবং বার্না বয়।
তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’র একটি বিশাল যৌথ পারফরম্যান্স তুলে ধরেন, যা দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে।
মেক্সিকোর নিজস্ব সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে মঞ্চে উপস্থিত ছিলেন দেশটির বিখ্যাত রক ব্যান্ড মানা, জনপ্রিয় পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন। ভেনিজুয়েলার ড্যানি ওশেন এবং কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো তাদের রেগেটন পারফরম্যান্স দিয়ে গ্যালারিতে এক ভিন্ন মাত্রা যোগ করেন।
মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের এই ঐতিহাসিক সূচনা হয়। মেক্সিকোর সমৃদ্ধ ঐতিহ্য এবং আধুনিক ল্যাটিন সুরের এক অনবদ্য মিশেলে সাজানো হয়েছিল পুরো মঞ্চ ও পরিবেশনা।
মেক্সিকো ছাড়াও বাকি দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং কানাডার স্টেডিয়ামেও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজক তিন দেশের তিনটি উদ্বোধনী ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলো শুরু হবে।
কানাডার উদ্বোধনী অনুষ্ঠান
শুক্রবার কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হতে চলা এই অনুষ্ঠানে মূলত কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরা হবে। জমকালো এই আয়োজনে মঞ্চ মাতাবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।
জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করবেন, যেখানে মাইকেল বুবলে সন্ধ্যার প্রাক-ম্যাচ বিনোদনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। নোরা ফাতেহি, আলানিস মরিসেট, আলেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স, ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় এই অনুষ্ঠানের লাইন-আপ সম্পূর্ণ করবেন।
যুক্তরাষ্ট্রের জমকালো আয়োজন
১৩ জুন উদ্বোধনী পর্বের শেষ ও সবচেয়ে আকর্ষণীয় আসরটি বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, সোফাই স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হতে যাওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে হলিউড ঘরানার বিশেষ আয়োজন। বিশ্ব কাঁপানো এই মঞ্চে পারফর্ম করবেন পপ তারকা ক্যাটি পেরি, বিখ্যাত কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংকের জনপ্রিয় সদস্য লিসা, ফিউচার এবং ল্যাটিন সেনসেশন অ্যানিত্তার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেগাস্টাররা। পুরো টুর্নামেন্টের উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।
বাংলাদেশে বিশ্বকাপ দেখার উপায়
বাংলাদেশে বসে বিশ্বকাপ সরাসরি দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। জনপ্রিয় এই ওটিটি মাধ্যমটি ছাড়াও খেলা দেখা যাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির অ্যাপ ও গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপেও বিশ্বকাপ উপভোগ করা যাবে।
