গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিনসিংহা গ্রামে স্ল্যাব ভেঙে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন। ভুক্তভোগী গরুর মালিক হিরো মিয়া ওই এলাকার মৃত মান্নান সরকারের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকালে হিরো মিয়া তার গরুটি গোয়াল ঘর থেকে বের করে মাঠে নিয়ে যাচ্ছিলেন। পথে পাশের একটি বাড়ির সেপটিক ট্যাংকের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ স্ল্যাবটি ভেঙে যায় এবং গরুটি ভেতরে পড়ে যায়। স্থানীয়রা গরুটি উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

উদ্ধার অভিযানের বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, প্রায় আধা ঘণ্টার সম্মিলিত চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ট্যাংকে পানি ভর্তি করেন। পানি বাড়লে গরুটি উপরে ভেসে ওঠে এবং পরে সেটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। সুস্থ অবস্থায় গরুটি উদ্ধার করার পর মালিক হিরো মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।