ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম অভিযোগ করেছেন যে, বর্তমান গ্যাস সংকটের জন্য আগের সরকারই দায়ী। তিনি বলেন, আগের সরকার গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় কূপ খননের কোনো উদ্যোগ নেয়নি এবং দেশে গ্যাস সরবরাহ বাড়ানোর মতো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘অনুরাগ’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাম বলেন, গ্যাসের এই সংকট বিএনপি দায়িত্ব নেওয়ার আগেই বিদ্যমান ছিল এবং এটি উত্তরাধিকার সূত্রে বিএনপি পেয়েছে। পাঁচ মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। গ্যাসের জন্য বাটি নিয়ে বের হওয়ার সাম্প্রতিক আন্দোলন ও প্রতিবাদ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই গ্যাসের সংকট ও বিদ্যুতের সংকট কি বিএনপির আমলে শুরু হয়েছে?
‘অনুরাগ’কে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে উল্লেখ করে আবদুস সালাম বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। সমাজব্যবস্থা ভেঙে পড়ার পেছনে সুস্থ সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যচর্চার ঘাটতি দায়ী। গত ১৭ বছর দেশের মানুষ ভিনদেশের সংস্কৃতি নিয়ে বেশি চর্চা করেছে। তিনি বলেন, ভিনদেশের আকাশ সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে অনেকটা খেয়ে ফেলেছে। কোনো দেশে শিক্ষা ও সংস্কৃতি যদি উন্নত না থাকে, তাহলে সেই দেশ দাঁড়াতে পারে না।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আবদুস সালাম বলেন, পাকিস্তান আমল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই চলছে। এখনো গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে, কিন্তু এটি দুই, চার বা পাঁচ বছরে প্রতিষ্ঠিত হয়ে যায় না; এর জন্য সময়ের প্রয়োজন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি তলানিতে ছিল মন্তব্য করে আবদুস সালাম বলেন, অর্থনীতির দুরবস্থা ও বিদেশে অর্থ পাচারের বিষয়টি নিয়ে সবাই কথা বলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং তেলের সংকট শুরু হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতেও নতুন করে চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার দেশ পরিচালনা করছে। বিএনপিকে দুর্বল মনে না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটি দীর্ঘদিন সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আবার গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা হলে ছাত্রসমাজ, যুবসমাজ ও সাধারণ মানুষ গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

