সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এবং গোয়াইনঘাট সদর ইউনিয়নের আলীরগ্রাম গ্রামের বাসিন্দা ছাত্রনেতা মুমিনুল হক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
শনিবার গোয়াইনঘাট থানায় জমা দেওয়া জিডিতে মুমিনুল হক উল্লেখ করেছেন যে, গত ২৭ মে রাত প্রায় ১০টার দিকে ফেসবুকে প্রবেশ করে তিনি দেখতে পান, কিছু ফেসবুক আইডি ও পেজ থেকে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এসব পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।
জিডিতে আরও জানানো হয়েছে, এই বিষয়টি জানার পর মুমিনুল হক প্রচারিত তথ্যগুলো যাচাই-বাছাই এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করেন। তবে, পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করতে না পারায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত হাতে পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ঘটনায় নিজের ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিক সম্মান রক্ষায় থানার সহায়তা চেয়ে মুমিনুল হক এই অপপ্রচারের বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করেন। থানা সূত্রে জানা গেছে, তার অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে।
গোয়াইনঘাট থানায় জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে মুমিনুল হক দৈনিক ইনকিলাবকে বলেন, “আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এই বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করার জন্য আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।”
