দেশের বাজারে সোনার গহনার দামে বড় ছাড়

দেশের বাজারে আবারও সোনার গহনার দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় বাজুস এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নিশ্চিত করেছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি তাদের এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এর আগে গতকাল ১৩ জুলাই ভালো মানের সোনার গহনায় ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ গত দুই দিনে ২২ ক্যারেটের সোনার গহনার দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমল।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh